আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ নাকচ পুলিশের Icon যুগান্তর ডেস্ক প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’
Icon
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
ইসরাইলের চলমান জাতীয় নির্বাচনে ভোটারদের নিজেদের পক্ষে টানতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অপকৌশল, মিথ্যাচার এবং জনগণের মনে ভীতি সঞ্চারের আশ্রয় নিচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ‘ইয়াশার’ পার্টির প্রধান গাদি আইজেনকোট। নির্বাচনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সাবেক এই সেনাপ্রধান এ ক্ষোভ প্রকাশ করেন।
আইজেনকোট বলেন, ভোটারদের প্রভাবিত করতে নেতানিয়াহু যে ধরনের চক্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তা নতুন কিছু নয়। এর আগের নির্বাচনগুলোতেও তিনি একই কৌশল অবলম্বন করেছিলেন। তিনি সতর্ক করে দেন যে, প্রধানমন্ত্রী এভাবে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করায় দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
নেতানিয়াহুর এই অপকৌশল বানচাল করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালীন সবাইকে সতর্ক ও তৎপর থাকতে হবে। কেবল নিজে ভোট দিলেই চলবে না, বরং রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদেরও বুঝিয়ে ভোটকেন্দ্রে নিয়ে এসে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে হবে।
সূত্র: আল-জাজিরা
নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু
তিন বছর ধরে চলা যুদ্ধ ও চরম অস্থিরতার পর ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে মানুষের উপস্থিতি অবিশ্বাস্য রকমের বেশি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৭ শতাংশ, যা ওই সময়ের হিসাবে ইসরাইলের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। চার মিলিয়নের বেশি মানুষ ভোট দেওয়ায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক কেন্দ্রে লম্বা লাইন দেখা যায়।
ভোটের এই উচ্চ হার দেখে রীতিমতো নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরব ও বামপন্থী এলাকায় ভোটারদের উপচে পড়া ভিড় দেখে তিনি তার সমর্থকদের উদ্দেশে চরম সতর্কবার্তা দিয়ে দাবি করেন, এর ফলে ‘ইহুদি রাষ্ট্র ঝুঁকির মুখে’ পড়েছে। ডানপন্থী ভোটারদের দ্রুত কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বিরোধীরা নানা উপায়ে নির্বাচন ছিনতাই করার চেষ্টা চালাচ্ছে।
অবশ্য নেতানিয়াহুর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলো। প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের দল জানিয়েছে, পরাজয়ের ভয়ে নেতানিয়াহু এখন থেকেই নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করার জন্য নানা অজুহাত তৈরি করছেন।
এদিকে নির্বাচন চলাকালে বিভিন্ন দল ব্যালট পেপার সরানো বা ছোটখাটো জালিয়াতির অভিযোগ তুললেও নির্বাচন কমিশন জানিয়েছে, বড় ধরনের কোনো জালিয়াতির প্রমাণ মেলেনি। অন্যদিকে, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বেশ কিছু স্থানে কঠোর পদক্ষেপ নেয় এবং ভোট প্রভাবিত করার অভিযোগে কয়েকজনকে আটক করে। সব মিলিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও রেকর্ড ভোটার উপস্থিতির মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ নাকচ পুলিশের
Icon
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
আরব দলগুলো নির্বাচনে কারচুপি করেছে বলে যে অভিযোগ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি তুলেছিল, তা নাকচ করে দিয়েছে দেশটির পুলিশ।
হিব্রু ভাষার একাধিক সংবাদমাধ্যমকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে খুব কমসংখ্যক অনিয়মের ঘটনা ঘটেছে। আগের নির্বাচনগুলোর তুলনায়ও এ সংখ্যা খুবই কম।’
তিনি আরও বলেন, ‘জোর দিয়ে বলা প্রয়োজন, এসব দাবির পক্ষে তদন্ত বা গোয়েন্দা তথ্যভিত্তিক কোনো প্রমাণ নেই।’
এর আগে গতকাল বুধবার (২৮ অক্টোবর) নির্বাচনে জালিয়াতির অভিযোগ নাকচ করে দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) এক কর্মকর্তা।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা চলমান রয়েছে। এরই মধ্যে আরব দলগুলো ১৯টি আসনে জয় পেয়েছে। সম্প্রদায়টির ভোটারদের নজিরবিহীন উপস্থিতির মধ্যে এ ফল এসেছে।
ভোটগ্রহণের আগেই হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নেতানিয়াহু জয়ী না হলে আরব অধ্যুষিত এলাকাগুলোর ভোটের ফল চ্যালেঞ্জ করার এবং নির্বাচন ‘চুরি’ হওয়ার অভিযোগ তোলার পরিকল্পনা করেছিল লিকুদ পার্টি। এ লক্ষ্যে দলটি আগেভাগেই কয়েকটি অভিযোগ ও জালিয়াতির দাবি প্রস্তুত করে রেখেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: টাইমস অব ইসরাইল
মন্তব্যসমূহ